আমরা গর্বের সাথে জানাতে চাই, আজকের এ মহতী আয়োজনে প্রায় ১১০ জন রোগী চিকিৎসক ডাঃ মোঃ মাসুদ হোসেন-এর কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই মৌড়ার কৃতি সন্তান ডাঃ মোঃ মাসুদ হোসেন-কে, যিনি আজকের দিনটি তার নিজ গ্রামের মানুষের সেবায় উৎসর্গ করেছেন। বিনা পারিশ্রমিকে, অক্লান্ত পরিশ্রম করে তিনি মানুষের মুখে স্বস্তি এবং ভালোবাসার হাসি ফুটিয়েছেন। তার এই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখে মৌড়াবাসী আনন্দিত, গর্বিত ও অনুপ্রাণিত।
এছাড়াও, আমাদের এই আয়োজন দেখে স্বপ্রণোদিত হয়ে ফারুক হোসেন অসচ্ছল ও ঔষধ কেনার সামর্থ্যহীন রোগীদের, ঔষধ কিনে দেওয়ার জন্য সংগঠনকে আর্থিক অনুদান প্রদান করেছেন। তার এই মহানুভবতা আমাদের হৃদয়ে গভীর দাগ কেটেছে। আমরা তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই ভালোবাসা ও সহযোগিতাই আমাদের আরও বড় কিছু করার সাহস যোগায়।
আজকের এই আয়োজনে যারা অক্লান্ত পরিশ্রম করে ভলান্টিয়ার হিসেবে কাজ করেছেন, তাদের প্রতিও জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আপনারা আমাদের সংগঠনের প্রাণশক্তি। আপনাদের নিরলস প্রচেষ্টার কারণেই এ ধরনের মানবসেবামূলক উদ্যোগ বাস্তবায়িত হয়।
আমাদের সংগঠন আগামীতেও এ ধরনের মহৎ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছে। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই আমাদের অনুপ্রেরণা।
মানবতার প্রয়োজনে,
মৌড়ার কল্যাণে।